ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে চর উৎসব পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ২৫ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে চর উৎসব পালন
সিরাজগঞ্জে প্রথমবারের মতো চর উৎসব পালন। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চর উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্য, চরের জীবনযাত্রা, লোকসংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে উৎপাদনমুখী সমধারা সমবায় সমিতির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার দিনব্যাপী আয়োজিত উৎসবে চরের ঐতিহ্যবাহী খাবার, বাউলসংগীত ও ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। দুপুরে কলাপাতায় পরিবেশন করা হয় পিঠুলি খাবার। বিকেলে বাউলসংগীতের সুর ও রঙিন ঘুড়ির উড়াউড়িতে উৎসবস্থলে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

আয়োজকেরা জানান, চরাঞ্চলের নিজস্ব সংস্কৃতি, মানুষের জীবনসংগ্রাম, কৃষি ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের বৈচিত্র্য সবার সামনে তুলে ধরাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে চরের মানুষের জীবনধারা ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোও এ আয়োজনের লক্ষ্য।

সমধারা সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রতীক মাহমুদ বলেন, সিরাজগঞ্জে এবারই প্রথমবারের মতো চর উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে চরের নানা চিত্র, মানুষের জীবনযাপন, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।


তিনি আরও জানান, চরের সম্ভাবনা ও সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদার করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চর উৎসব চরের প্রকৃতি, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!