ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যবসায়ী দুই ভাইয়ের ওপর হামলা, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ২৫ অক্টোবর ২০২৬
ব্যবসায়ী দুই ভাইয়ের ওপর হামলা, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে দুই ব্যবসায়ী ভাইয়ের ওপর হামলা ও ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আগামী তিন দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগেরও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ভৈরবের চন্ডিবের হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা), ভৈরব বইমেলা পরিষদ, ভৈরব প্রেসক্লাব, পিঠা উৎসব ও প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এতে বক্তব্য দেন নিসচা ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. সোহেলুর রহমান, বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা এবং প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি ইকরাম বক্সসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, গত ১৮ অক্টোবর ব্যাংকে যাওয়ার পথে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলীসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী নুরুল হক ও তাঁর ভাই মাসুদুর রহমান রানার ওপর হামলা চালান। এ সময় তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় এবং ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বক্তারা জানান, এ ঘটনায় ভৈরব থানায় মামলা করা হয়েছে। তবে তাঁদের অভিযোগ, এখনো মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাঁরা দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, হামলার শিকার দুই ব্যবসায়ী ভাইকে জড়িয়ে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে। বক্তারা এ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাঁদের ভাষ্য, এ ধরনের প্রচারণার মাধ্যমে দুই ভাইয়ের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

বক্তারা বলেন, নুরুল হক ও মাসুদুর রহমান রানা ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত। তাঁদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং অপপ্রচার বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন থেকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি আগামী তিন দিনের মধ্যে মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!