কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে সংঘবদ্ধ ধর্ষণ আটক ৩
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার (তদন্ত) সজল সরকার।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
পরে রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার দিবাগত রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে তাঁকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সজল সরকার বলেন, গত রাতেই ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তরুণী থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।