গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনের ঘর পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা একটি গরু, ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আছর মোল্লা ও সিরাজুল মোল্লার তিনটি টিনের ঘর পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরগুলোর ভেতরে থাকা একটি গরু, সংরক্ষিত ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, গহনা, ঘরের আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইয়াহিয়া অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর অথবা বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।