ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল জজ মিয়ার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ২ নভেম্বর ২০২৬
ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল জজ মিয়ার
সাইদুর রহমান জজ মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে জমিতে ইঁদুর তাড়ানোর জন্য দেওয়া বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান জজ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান জজ মিয়া ভৈরব উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী। তিনি শিমুলকান্দি গ্রামের বাদশা বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের জমিতে ইঁদুরের উপদ্রব থেকে ধান রক্ষায় ধানের গুছিতে বৈদ্যুতিক তারের মাধ্যমে সংযোগ দিয়েছিলেন সাইদুর রহমান। প্রতিদিন রাতে সংযোগ চালু করে সকালে বন্ধ করা হতো। সোমবার সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি তিনি জানতে পেরেছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!