ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পেকুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষ, চাপায় প্রাণ গেল বৃদ্ধের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ৩ নভেম্বর ২০২৬
পেকুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষ, চাপায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় দুটি অটোরিকশার সংঘর্ষে ছিটকে সড়কে পড়ে অন্য একটি অটোরিকশার চাপায় জামাল হোসেন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন একই ইউনিয়নের চইরভাঙা এলাকার বাসিন্দা।

নিহতের ভাতিজা নেছার আহমদ জানান, দুপুরে বাড়ি থেকে পেকুয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে চইরভাঙা স্টেশন থেকে একটি মিশুক অটোরিকশায় ওঠেন জামাল হোসেন। পথে তেলিয়াকাটা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে তেলিয়াকাটা সড়ক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়।

এতে জামাল হোসেন ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!