শিল্পাঞ্চলের নিরাপত্তায় প্রস্তুত আনসার: মহাপরিচালক
শিল্পকারখানা, দেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীভূত আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, দাঙ্গা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন মোকাবিলায়ও বাহিনীর সক্ষমতার প্রতিফলন ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নবীন আনসার সদস্যদের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।
মহাপরিচালক বলেন, দেশের অর্থনীতি, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা রক্ষায় অঙ্গীভূত আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে দায়িত্ব পালনকালে আহত ও ত্যাগ স্বীকারকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া ৬০ দিনব্যাপী এ প্রশিক্ষণে অনুমোদিত ৬৯২ জনের মধ্যে অংশ নেন ৬৫৪ জন। তাঁদের মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণে ফায়ারে প্রথম হয়েছেন কুমিল্লার কাজী মো. আবু সাঈদ, ড্রিলে প্রথম হয়েছেন নোয়াখালীর মো. ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির মো. সাবিকুর রহমান। অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তুরস্কের জেন্ডামেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দাঙ্গা প্রতিরোধবিষয়ক নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়। এতে দাঙ্গা ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক থেকে আগত প্রশিক্ষক ও কর্মকর্তাসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।