জামায়াত-এনসিপি ওসমান হাদীর চেতনা থেকে দূরে: রাশেদ খান
জামায়াত ও এনসিপি শহীদ ওসমান হাদীর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে অনেক দূরে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাস রাজপথে সতর্ক অবস্থানে থাকার বিকল্প নেই। তার দাবি, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেন তিনি। রাশেদ খানের অভিযোগ, নাহিদ ইসলামের বক্তব্য শ্রমিক আন্দোলনকে উসকে দিচ্ছে এবং আন্দোলনে আওয়ামী লীগের সংশ্লিষ্টদের অংশগ্রহণে সমর্থন জোগাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত ও এনসিপিকে বিএনপির পাশে পাওয়া যাচ্ছে না। তবে নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে পোশাকশ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছেন বলেও দাবি করেন তিনি।