ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

অপরাধ করলে বিএনপির নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না: এমপি নয়ন

ভোলা ও মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ৩১ অক্টোবর ২০২৬
অপরাধ করলে বিএনপির নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না: এমপি নয়ন
মনপুরায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নুরুল ইসলাম নয়ন। ছবি: ডেইলি বাংলাদেশ

বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি, সব নাগরিকের জন্যই দলটি নিরাপদ আশ্রয়স্থল বলে মন্তব্য করেছেন ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, অপরাধ ও অন্যায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি যত বড় নেতাই হোন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকেলে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে।

এমপি নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দলের কোনো নেতা অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধে জড়িত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, তিনি ছোট নেতা হোন বা বড় নেতা।

নয়ন আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, কাউকে বহিষ্কার করা হয়েছে। কোথাও কোথাও কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে উঠতে হবে।

এর আগে সংসদ সদস্য উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়কের উদ্বোধন করেন। এ সময় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন খাতের উন্নয়নে একাধিক পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আবদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. কামাল উদ্দিন ও আবদুল খালেক সেলিম মোল্লা এবং ভোলা জেলা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।

এ সময় মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, আইনবিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্যসচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির ও সদস্যসচিব শাহেদুল ইসলাম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!