ডেঙ্গু প্রতিরোধ ও মাদক নির্মূলে ভোলার সাচড়ায় সভা, পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাচড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী মো. আল আমিন, বিএনপি নেতা রুহুল আমিন মোল্লা, বাহার চৌধুরী, আসাদুজ্জামান অভি ও সুপার মাওলানা ইদ্রিস। এ ছাড়া ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আনসার সদস্য, বিডি ক্লিনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় বক্তারা সাচড়া ইউনিয়নকে মাদকমুক্ত করা, নাগরিক সেবা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তারা।
সভা শেষে ইউএনও মনোরঞ্জন বর্মনের নেতৃত্বে স্থানীয় কাচারী হাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। অভিযানে অতিথিদের পাশাপাশি ইউপি সদস্য, বিডি ক্লিনের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় চৌকিদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।