খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচনে ২১ জন জয়ী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাতটি পাড়া থেকে তিনজন করে মোট ২১ জন প্রার্থী জয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন— আল মামুন খাদেম, কাজী জামান খাদেম, আতিকুর রহমান খাদেম, রনি খাদেম, রোস্তম কামরান খাদেম, ফরমান খাদেম, কাজী মিনহাজুল আবেদীন খাদেম হান্নান, কাজী শরীফ উদ্দিন খাদেম, কাজী রুপম খাদেম, মোজাম্মেল মোল্লা খাদেম, রাসেল মোল্লা খাদেম, শামীম মোল্লা খাদেম, আবুল হাশেম খান খাদেম, তাকদির খান খাদেম, সোহেল খান খাদেম, রাজিব উদ্দিন খাদেম, খোকন খাদেম, সাকির উদ্দিন খাদেম, রফিকুল ইসলাম মিন্টু, ইয়াকুব খাদেম ও জাফর খাদেম অপু।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। নির্বাচনকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে ভোটার ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ছিল। সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্থানীয়দের কাছে দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে থাকা খড়মপুর মাজারের পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে ছিল বাড়তি আগ্রহ। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
নতুন কমিটির কাছে মাজারের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন এলাকাবাসী।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রিটার্নিং কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।