ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ৭ নভেম্বর ২০২৬
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে থানার সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করেন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। এক পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরী। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিক।

মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে প্রথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, দুটি মিছিল মুখোমুখি হওয়ার পর ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। বর্তমানে দুই পক্ষ পৃথক দুটি স্থানে অবস্থান করছে। মাইকিং করে তাদের শান্ত রাখা হয়েছে। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান করছে।

এদিকে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!