সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর থানার আকুর ঠাকুরপাড়া এলাকার জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মো. শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর থানার মরিচ বুনিয়া এলাকার মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)-এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এতে অংশ নেয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য যাচাইয়ে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তারা অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।
ডিবি পুলিশের ভাষ্য, গ্রেপ্তার জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র কেনাবেচার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, মেহেরপুর থেকে একটি অস্ত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থান করছিলেন তারা। এ সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ বোরের পিস্তল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।