ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবসে ভোগান্তিতে নাগরিকরা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ১০ নভেম্বর ২০২৬
ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবসে ভোগান্তিতে নাগরিকরা
কর্মদিবসে ভোগান্তিতে নাগরিকরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে নিয়মিত কার্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি কর্মদিবসে পরিষদে উপস্থিত না থেকে শুক্র ও শনিবার ছুটির দিনে কার্যালয়ে আসেন। এসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেই আবার রাজধানী ঢাকায় চলে যান। এতে নিয়মিত নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নবাসী।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানকে তাঁর কক্ষে পাওয়া যায়নি। পরিষদের কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা জানান, চেয়ারম্যান সাধারণত ছুটির দিন শুক্র ও শনিবার কার্যালয়ে আসেন। এসে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে চলে যান।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া পরিষদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় না। ফলে জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে আসা মানুষকে তাঁর অপেক্ষায় থাকতে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে পরিষদে আসা ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিন জন্মনিবন্ধন অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য পরিষদে আসেন জাকিয়া আক্তার ও সেলিনা রহমান নামে দুই নারী। তাঁরা জানান, প্রয়োজনীয় আবেদন জমা দিয়েছেন। কিন্তু চেয়ারম্যান না আসা পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে। জরুরি প্রয়োজন থাকলেও এর আগে কাজ সম্পন্ন করার সুযোগ নেই।

পরিষদের আশপাশে বিভিন্ন সেবা নিতে আসা আরও কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেন, চেয়ারম্যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান হওয়ায় অধিকাংশ সময় পরিষদে আসেন না। তাঁদের দাবি, বর্তমানে তাঁর ভাই মো. মশিউর রহমান চৌধুরীও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলামুন্ন নবী খোকন বলেন, চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসেন না। তিনি ছুটির দিনে এসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন।

পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন কাজী বলেন, তিনি এক বছর আগে এই পরিষদে যোগদান করেছেন। পরিষদ এলাকায় ভাড়া বাসায় থেকে নিয়মিত নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে চেয়ারম্যান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি সরকারি ছুটির দিনে পরিষদে আসেন। ফলে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকদের চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হয়। কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সপ্তাহের ছুটির দিনগুলোতে পরিষদে আসার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ছুটির দিনে পরিষদে আসবেন বলে জানান।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না-এমন তথ্য প্রশাসনের কাছে এসেছে। বিষয়টি যাচাই করতে কয়েক দিন আগে পূর্বঘোষণা ছাড়াই ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করা হয়। চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি কেন প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়নি, সে বিষয়ে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, পরিষদের পরপর তিন মাসের মাসিক সভায় চেয়ারম্যান উপস্থিত ছিলেন না-এমন তথ্য উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন দিতে প্রশাসনিক কর্মকর্তাকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর স্থানীয় সরকার-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনভোগান্তি নিরসনে প্রশাসক নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!