গাজীপুরে ফ্লাইওভারে প্রাণ গেল নারী-শিশুসহ তিনজনের
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনার পর তাঁদের মরদেহ ফ্লাইওভারের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। তাঁদের মধ্যে পুরুষ আরোহীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মামুন হোসেন আশরাফুল। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ি গ্রামের নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে। তবে নিহত নারী ও শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা ওই পুরুষের স্বজন কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফ্লাইওভারের ওপর রক্তের দাগ ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ দেখে ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়া তিনজনের মরদেহ উদ্ধার করে। কীসের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ফ্লাইওভারটিতে সিসিটিভি ক্যামেরাও নেই। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।