ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
চুয়াডাঙ্গা আদালত ভবন। ছবি- ফাইল ফটো

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বকুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বকুলকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ১৩টি প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সানজিদ আহমেদ তদন্ত শেষে বকুলকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মাদকের বিস্তার রোধ এবং মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বাস্তবায়নে এ ধরনের রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত বকুলকে পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!