ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভৈরবে জেলা ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওসি মাহবুবুর রহমানের সঙ্গে থানার উপপরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান এবং ছাত্রদলের দুই নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক এক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। ফোনে ওই নেতার কাছে তারেক বিন ফয়েজের রাজনৈতিক পরিচয় জানতে চান ওসি। জবাবে ওই নেতা জানান, তারেক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। পরে তাঁর পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাই করার কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি।
তবে পরবর্তী সময়ে তারেক বিন ফয়েজ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক বলে জানা যায়। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন নেতার রাজনৈতিক পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম। তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তাঁর নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের সহসম্পাদক।
ওসি আরও বলেন, এটা এখন নিউজে দিয়েন না ভাই, থানায় আসেন, আপনার সঙ্গে কথা বলি।