ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কলাপাড়ায় ছাত্রলীগের মশাল মিছিল,আটক-৪
পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ধাওয়া দিয়ে তাদের আটক করে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা।
এর আগে কলপাড়া-কুয়াকাটা মহাসড়কে মহিপুর থানার ইউসুফ এলাকায় মশাল মিছিল করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী। স্থানীয় সূত্র জানায়, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে মহাসড়কে মিছিল করে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। পরে তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে মহিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, মহাসড়কে হঠাৎই একটি মশাল মিছিল সংঘটিত হওয়ার পরপরই রাজপথে নেমে আসে শত শত বিএনপি নেতাকর্মীরা। নাশকতার বিরুদ্ধে এবং আওয়ামী তৎপরতা প্রতিরোধ করতে মহিপুর সদরে এবং সেতু সংলগ্ন এলাকায় অবস্থান নেয় অসংখ্য বিএনপি সমর্থক। এমনকি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার হুশিয়ারি দেন তারা।
অপরদিকে মহিপুর থানার অদূরে নজীবপুর এলাকায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিবুল্লাহ পাটোয়ারীর বসত বাড়িতে একদল দুর্বৃত্ত ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন বেশ কিছু স্থানীয় বাসিন্দা। ভাংচুরের সময় এক গৃহবধূর ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এবিষয়ে মহিপুর থানার ওসি শামিম হাওলাদার জানান, একটি মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের আটকে অভিযান চলছে। মহিপুর থানা পুলিশ তৎপর রয়েছে। তবে বসত বাড়িতে ভাংচুর ও গৃহবধূর ওপর হামলার কোন খবর বা কোন অভিযোগ তার কাছে নেই।##