ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আরো কমেছে সবজির দাম, আলুতেও স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩, ১১ ডিসেম্বর ২০২০
আরো কমেছে সবজির দাম, আলুতেও স্বস্তি
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে শীতের বিভিন্ন ধরনের সবজির সরবরাহ দিন দিন বাড়ছে। এর ফলে সব ধরনের সবজির দাম কমেছে। পাশাপাশি সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে আলুর দামও। 

শুক্রবার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, ফকিরাপুল, টিঅ্যান্ডটি বাজার, কমলাপুর, বাসাবো, খিলগাঁও, মালিবাগ ও রামপুরা বাজার ঘুরে এ চিত্র চোখে পড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজারে সবজির কেজি এখন ৩০ টাকার মধ্যে রয়েছে। তবে সবজির দাম স্বস্তি দিলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম ৫ টাকা বেড়েছে।

Advertisement

এদিকে ফকিরাপুল বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন আলু প্রতিকেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা।

এর আগে আলুর অস্বাভাবিক দাম বাড়ায় গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই দফা আলুর দাম বেঁধে দেয় সরকার। সর্বশেষ ৭ অক্টোবর খুচরা পর্যায়ে আলুর কেজি ৩৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়। 

জানতে চাইলে কারওয়ানবাজারের ব্যবসায়ী রফিক মোল্লা বলেন, বাজারে এখন নতুন আলুর সরবরাহ বেড়েছে। সাইজও মোটামুটি ভালো। ফলে নতুন আলুর প্রতি ক্রেতাদের ঝোঁক বেড়েছে। এ কারণে পুরাতন আলুর দামও কমেছে।

তিনি বলেন, নতুন আলুর কেজি এখন ৪০ টাকা বিক্রি হচ্ছে। কিছুদিন আগে এর চেয়ে ছোট আলুর কেজি ১০০ টাকা বিক্রি করেছি। কয়েক দিনের মধ্যে আলুর দাম আরও কমে যাবে বলে আমাদের ধারণা।

এদিকে ডিমের দাম বাড়ার বিষয়ে শান্তিনগরের ব্যবসায়ী মো. সাব্বির মিয়া, বাজারে ডিমের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে আমাদের হিসেবে এখনো ডিম কম দামে পাওয়া যাচ্ছে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতিপিস ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার কেজি ১০ থেকে ১৫ টাকার মধ্যে। বড় লাউ ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আর গাজর প্রতিকেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বেগুনের কেজি ৩০ থেকে ৪০ টাকা, উস্তের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা ও পটল ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে।

এদিকে পুরোপুরি স্বস্তি না ফিরলেও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নিয়ন্ত্রণে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!