গত ৭ মার্চ অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ১৩৯.১৩ ডলারে ওঠার পর গত সপ্তাহে তা কমতে শুরু করে। যা সপ্তাহ জুড়ে ব্যারেল প্রতি ১০৮-১২০ ডলারের মধ্যে রয়েছে।
সোমবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দর কমে দাঁড়িয়েছে ১০২ ডলার ৫৫ সেন্টে। এছাড়া ব্রেন্ট অপরিশোধিত তেলের দর হয়েছে ১০৬ ডলার ১৯ সেন্ট।
.png)
রাশিয়ার অভিযান শুরুর পর অস্থির তেলের বাজার নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। গত সপ্তাহের দরপতন সরবরাহের উন্নতির কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে বৈঠকের খবরে তেলের দাম কমেছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৪৬ শিশুসহ ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানান, সর্বমোট নিহতের সংখ্যা আড়াই হাজারেরও বেশি।