বাণিজ্যমেলা: পছন্দের তালিকায় কাশ্মীরি শাল-সবজি কাটার
তীব্র শীতেও ক্রেতার ভিড়ে সরগরম ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ঠান্ডায় জবুথবু হয়েও মেলায় হাজির হচ্ছেন সব বয়সের ক্রেতা দর্শনার্থী। প্রতিবারের মতো এবারও মেলায় নারী ও শিশু দর্শনার্থীর আধিক্য দেখা গেছে।
পঞ্চমদিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দেখা গেছে, শীতের পোশাক ও গৃহস্থালি টুকিটাকির দোকানে বেশি ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে কাশ্মীরি শাল, চাদর, সবজি কাটারসহ ছোট ছোট যন্ত্রে বেশি আগ্রহ দেখা গেছে ক্রেতাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের মেলায় অন্য যেকোনো পণ্যের চেয়ে কাশ্মিরি শাল-চাদরের দোকানে ক্রেতাদের ভিড় বেশি। তবে আগ্রহ থাকলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না। অতিরিক্ত দামের কারণে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।
.png)
মোকাদ্দেয়া বস্ত্র বিতানের মালিক রাসেল শেখ জানান, শীতের কারণে স্বাভাবিকভাবেই এবারের মেলায় কাশ্মীরি শালের প্রতি আগ্রহ বেশি। তাদের স্টলে ১৫০০-১৫০০ টাকার শাল রয়েছে। এ বছর নতুন কিছু কালেকশন এসেছে।
সারা কাশ্মিরি শাল স্টলের বিক্রেতা হাফিজুর রহমান অসীম বলেন, মেলা মাত্র শুরু হয়েছে। তাই অনেকে পণ্য দেখেই চলে যাচ্ছেন। পুরোদমে বিক্রি শুরু হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
সুমাইয়া নামে এক ক্রেতা বলেন, যেকোনো সময়ের চেয়ে এ বছর মেলায় শালের দাম অনেক। পছন্দ হলেও বাজেট নিয়ে ভাবতে হচ্ছে।
আরো জানা গেছে, বাণিজ্যমেলায় সবজি কাটার স্টলগুলোতে ৭-১১ ধরনের সবজি কাটার যন্ত্র প্যাকেজ করে বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকায়। এর মধ্যে রয়েছে- গ্রেটার, স্ক্যাপ্রার, ওয়েফার সালাদ পিলার, ভেজিটেবল স্লাইসার ইত্যাদি। এসব যন্ত্র আলাদা করে কিনলে ক্রেতাকে গুনতে হবে ১৬০০ টাকার বেশি। তবে মেলায় প্যাকেজ মূল্যে এক হাজার টাকায় কিনতে পারছেন ক্রেতারা। এসব যন্ত্র দিয়ে আকর্ষণীয় নকশা করে আলু, পেঁয়াজ, রসুন, আদা, মুলা, টমেটো, শসা, গাজর, বাঁধাকপিসহ সব ধরনের সবজি কাটা যায়।
ডব্লিউ এ ইন্টারনেশন্যাল স্টলের প্রতিনিধি ওয়াসিম বলেন, আমরা ৭ ধরনের কাটার বিক্রি করছি। আলাদাভাবে নিলে যেটার দাম পড়ছে এক হাজার ৬০০ টাকা। তবে মেলা উপলক্ষে আমরা মাত্র এক হাজার টাকায় বিক্রি করছি।
এছাড়া ডিএম প্রোডাক্টস নামে আরেকটি স্টল কাটারের ৫ আইটেম ৭০০ টাকায়, ১১ আইটেম ১২০০ টাকায় বিক্রি করছে। স্টলটির প্রতিনিধি শাহাজাদা বলেন, মেলা উপলক্ষে প্যাকেজগুলোতে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।
মেলায় আসা গৃহিণী জাহানারা সুলতানা বলেন, পণ্যগুলো কাজের। শক্তপোক্তও আছে। যন্ত্র দিয়ে কাটার পরে সবজিগুলো অনেক সুন্দর দেখা যায়। এসব কাটার আলাদাভাবে কিনলে ৫০০-৬০০ টাকা বেশি লাগে, তাই প্যাকেজই কিনছি।