ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

নজর কাড়ছে ২৬ হাজার টাকা দামি কলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ১২ জানুয়ারি ২০২৩
নজর কাড়ছে ২৬ হাজার টাকা দামি কলম
ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ২৬ হাজার টাকা দামি কলমের দেখা মিলেছে। দামের কারণে কলমটি ইতোমধ্যে মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছে।

বাণিজ্যমেলায় জাপানি কলম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পাইলট ব্র্যান্ডের স্টলে ‘পাইলট কাস্টম ৮২৩ ফাউন্টেন পেন’ নামের এ কলমটি পাওয়া যাচ্ছে। দেশে পাইলট কলমের একমাত্র পরিবেশক কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড নামের একটি কোম্পানি।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্র্যান্ড নির্বাহী মারজুক আল হক জানান, সাধারণত ক্যালিগ্রাফি, কারসিভ ধরনের লেখা, স্বাক্ষর করা, সনদপত্র লেখা ইত্যাদি কাজে ব্যবহার হয় ২৬ হাজার টাকা দামের এ কলমটি।

তিনি জানান, ৩০ গ্রাম ওজনের কলমটির নিবে রয়েছে ১৮ ক্যারেট মানের সোনার প্রলেপ। কলমটির সঙ্গে থাকছে একটি কালির বাক্স। যেটাতে ৭০ মিলিলিটার কালি রয়েছে। মেলায় কলমটি কালো ও কফি রঙে পাওয়া যাচ্ছে।

পাইলটের স্টলে দামের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যাপ লেস ফাউন্টেন পেন। যার একেকটির দাম সাড়ে ১০ হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা। এই মডেলের কলমের নিবেও ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনার প্রলেপ।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি ঢাকার অদূরে পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর শুরু হয়। মেলায় দেশি-বিদেশি ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!