ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

৭০৩ গাড়ি নিয়ে মোংলায় ভিড়েছে মালয়েশিয়ান জাহাজ

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ৫ মে ২০২৩
৭০৩ গাড়ি নিয়ে মোংলায় ভিড়েছে মালয়েশিয়ান জাহাজ
জাহাজ থেকে খালাস করা হচ্ছে আমদানিকৃত গাড়ি- ছবি: সংগৃহীত

৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে এমভি মালায়েশিয়া স্টার নামে মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ। বৃহস্পতিবার দুপুরে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ জানান, রাতেই জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।

জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।

Advertisement

এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সংকট কেটে গেছে, তাই গাড়ি আমদানি বেড়েছে। আগামী ১৯ ও ২১ মে দুটি বিদেশি জাহাজ আরো গাড়ি নিয়ে মোংলায় আসবে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, চলতি বছরের জানুয়ারি মাসের পর ডলার ছাড় করা হয়েছে। তাই আমরা এখন গাড়ি আমদানি করছি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছিল। এ কারণে গাড়ি আমদানি কমে গিয়েছিল। বর্তমানে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। এতে রাজস্বও বাড়বে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!