ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডলার সাশ্রয়ে চালু হচ্ছে টাকার পে-কার্ড: বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৩, ১৮ জুন ২০২৩
ডলার সাশ্রয়ে চালু হচ্ছে টাকার পে-কার্ড: বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

দেশে ডলার সাশ্রয়ে টাকার পে কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কার্ড দিয়ে দেশের ভিতরে কেনাকাটাসহ বিভিন্ন বিল পরিশোধ করা যাবে। আবার একই কার্ড দিয়ে ভারত ভ্রমণে রুপি ব্যবহারের সুযোগ পাবেন বাংলাদেশি গ্রাহকরা। 

রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৩-২৪ অর্থবছরে ১ম ৫ মাসের জন্য (জুলাই-ডিসেম্বর-২০২৩) নতুন মুদ্রানীতি ঘোষণাকালে এ তথ্য জানান গভর্নর আব্দুর রউফ তালুকদার।

গভর্নর জানান, আমরা টাকার একটি পে-কার্ড চালু করছি। এটাকে ভারতের রুপির সঙ্গে সংযুক্ত করে দেব। এ কার্ড থাকলে গ্রাহকরা বাংলাদেশে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। যেকোনো কেনাকাটা করতে পারবেন। আবার যখন ভারতে যাবেন তখনও কার্ড দিয়েই ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার খরচ করতে পারবেন। ফলে দুইবার মানি চেঞ্জে যে লস (লোকসান) হচ্ছে, তা আর হবে না। অর্থাৎ ভ্রমণে যেতে হলে প্রথমে টাকা থেকে ডলারে কনভার্ট করতে হয়, পরে ভারতে গিয়ে ডলার রুপিতে কনভার্ট করতে হয়। টাকার পে-কার্ড নিলে দুইবার মানি চেঞ্জ করতে হবে না। এতে ৬ শতাংশের মতো খরচ কমবে।

Advertisement

তিনি আরো জানান, ভারতে প্রতি বছর অনেক বাংলাদেশি পর্যটক ঘুরতে যান। এতে আমাদের অনেক ডলার বেঁচে যাবে। এটা কারেন্সি সোয়াপ হবে না। কারণ কারেন্সি সোয়াপ হলো এক দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে ডলার ধার করে। এখানে গ্রাহক লেনদেন করবে।

এ সময় উপস্থিত ছি‌লেন- কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, এ কে এম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!