ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৭, ১৯ জুন ২০২৩
পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন
ফাইল ফটো

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনও। একই সঙ্গে ডিএসইতে ৪০০ কোটি টাকার ঘরে নেমে আসা লেনদেন বেড়ে ৫০০ কোটি ছাড়িয়েছে।

গত সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস দরপতন হয়। একই সঙ্গে কমে যায় লেনদেনের গতি। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার শেয়ারবাজারে মূল্যসূচকের মিশ্র প্রবণতা দেখা যায়।

এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে আগামী অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই- ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে। এর একদিন পরই শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হলো। 

Advertisement

সোমবার লেনদেনের শুরুতে দেখা দেওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে দাম বাড়ার তালিকা এবং সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়ে।

ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে ২৯টির দাম কমেছে। আর ১৮০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজারে দিনভর লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ২২ লাখ। আগের দিন লেনদেন হয় ৪১৮ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১১৫ কোটি ২ লাখ টাকা।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ২৩ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৫ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইনস্যুরেন্স।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রূপালী লাইফ ইনস্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাডভান্ট ফার্মাসিটিক্যালস, জেমিনি সি ফুড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।

এছাড়া সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০টির এবং ৯৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৯১ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!