ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্রযুক্তিগত দক্ষতায় চীনের সহায়তা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৮, ৫ জুলাই ২০২৩
প্রযুক্তিগত দক্ষতায় চীনের সহায়তা চায় বিজিএমইএ
ছবি: সংগৃহীত

জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতায় চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের কাছে সহায়তা চেয়েছে তৈরি পোশাক রফতানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ।

চায়না চেম্বার অফ কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইলের (সিসিসিটি) চেয়ারম্যান কাও জিয়াচংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শনে যায়। এ সময় বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম উচ্চ মূল্যের পণ্য, বিশেষ করে বাংলাদেশের কৃত্রিম তন্তু বা ম্যানমেইড ফাইবার ভিত্তিক পোশাক উৎপাদনের বিষয়টি তাদের কাছে তুলে ধরে এ বিষয়ে চীনের সহায়তা চান।

ম্যানমেইড ফাইবার, ডাইস, কেমিক্যালস, টেক্সটাইল যন্ত্রপাতি এবং অন্যান্য কাঁচামালের প্রধান সরবরাহকারী হিসেবে চীন বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারে বলে উল্লেখ করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি।

Advertisement

সফরকালে তারা বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমের সঙ্গেও সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ ও চীনের মধ্যকার টেক্সটাইল ও পোশাক খাতের বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার সম্ভাব্য সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে পোশাক শিল্পের বর্তমান বাজার পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা, চ্যালেঞ্জগুলো ও সুযোগসহ বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সন্ধানে উভয় পক্ষ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং পারস্পরিক সুবিধা অর্জনের বিভিন্ন উপায় নিয়ে তারা আলোচনা করে।

প্রতিনিধিদলে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন- সিসিসিটির সদস্যপদ বিভাগের পরিচালক ডিএআই কেশেং, আন্তর্জাতিক বিষয়ক বিভাগ এর জং লু, হেবেই টেক্সটাইল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোং লিমিটেডের চেয়ারম্যান এলআই জেফেং, সাপ্লাই চেইন ম্যানেজার ডিইউ টিয়ান, জিয়াংসু মনোপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান কিন হংচাও, জিয়াংসু গুওতাই হুয়াশেং ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের ভাইস কান্ট্রি ম্যানেজার জিই ঝেনিউ মাইক।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বিজিএমইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!