দেশে ২৫ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার
চলতি অর্থবছরের আগস্ট মাসের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ২৯ লাখ ডলার।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বিষয়টি জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৪ কোটি ৪০ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৭ লাখ ৪০ হাজার ডলার।
.png)
হালনাগাদ তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলার। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৯-২০ অর্থবছরে এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার ডলার। ২০১৮-১৯ অর্থবছরে দেশে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।