ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে বেড়েছে সূচক, লেনদেন ছাড়াল ৫০০ কোটি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ১৮ অক্টোবর ২০২৩
পুঁজিবাজারে বেড়েছে সূচক, লেনদেন ছাড়াল ৫০০ কোটি
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের পুঁজিবাজারে দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। এর মাধ্যমে পুঁজিবাজারে মূল্য সূচক বাড়ল টানা তিন কার্যদিবস। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ডিএসইতে টানা দুই কার্যদিবস লেনদেন ছাড়াল ৫০০ কোটি।

টানা দুই সপ্তাহ দরপতনের পর গত সপ্তাহের শেষ তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে পুঁজিবাজার। চলতি সপ্তাহের রোববার ফের দরপতন হয়। মূল্য সূচক কমার পাশাপাশি কমে লেনদেনের গতি। ডিএসইতে লেনদেন চলে আসে ৩০০ কোটির ঘরে। তবে এই দরপতন বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় কার্যদিবসেই ঊর্ধ্বমুখিতার দেখা পায় পুঁজিবাজার। মঙ্গলবারও বাড়ে সূচক ও লেনদেন।

বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার ধারা অব্যাহত থাকে। ফলে লেনদেনের পুরো সময়জুড়েই সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।

Advertisement

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৩টির এবং ১৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫১২ কোটি ২১ লাখ টাকা। বেশি লেনদেন হয়েছে সোনালী পেপারের শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৪৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেয়া ১৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ১৩ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!