ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

চলতি বছর ১ কোটি রিটার্ন জমা হওয়া উচিত: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ৩০ নভেম্বর ২০২৩
চলতি বছর ১ কোটি রিটার্ন জমা হওয়া উচিত: এনবিআর চেয়ারম্যান
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম- ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, চলতি ২০২৩-২৪ করবর্ষে দেশে ১ কোটি বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা হওয়া উচিত। অথচ জমা হচ্ছে মাত্র ৩৫ লাখ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় আয়কর দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। 
‘নতুন আয়কর আইন এবং কর পরিপালন: পরিবর্তিত প্রেক্ষিত’ র্শীষক সেমিনারে বাংলাদেশের অ্যার্টনি জেনালের এএম আমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গত বছর রিটার্ন জমা হয়েছিলো ৩৬ লাখের মতো। অবশ্য চলতি বছর ২৭ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা ১৯ লাখের কিছু বেশি। তবে এনবিআর গতকাল ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমার সময় আরো দুই মাস বাড়িয়েছে।

Advertisement

এনবিআর চেয়ারম্যান নতুন আয়কর আইনে কিছু ত্রুটি রয়ে গেছে উল্লেখ করে বলেন, সবদিকে একসঙ্গে খেয়াল করা যায় না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যেও কিছু ত্রুটি রয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য (করনীতি) শামস উদ্দীন আহমেদ। তিনি সর্বশেষ শ্রমশক্তি জরিপের হিসাব তুলে ধরে প্রবন্ধে জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী কর প্রদানে সমর্থ মানুষের সংখ্যা হওয়া উচিত ৭০ লাখ। বর্তমানে কর দিচ্ছেন ৩৫ লাখ।

তিনি বলেন, ঢালাওভাবে বলা হচ্ছে, দেশে কর প্রদানে সক্ষম মানুষ ৩ থেকে সাড়ে ৩ কোটি। কিন্তু এটি কতটুকু সত্যি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন, রাজস্ব আয় বাড়াতে করদান প্রক্রিয়া আরো সহজ এবং কর সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এএম আমিন উদ্দিন মনে করেন কর আদায় করার সময় মানুষের মধ্যে আস্থা তৈরির জন্য ভালো আচরণ করা উচিত।

উল্লেখ্য, এ বছর করদিবসের শ্লোগান হলো ‘কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: এনবিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!