ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

৫ ইসলামী ব্যাংককে সতর্ক করে চি‌ঠি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ১৭ ডিসেম্বর ২০২৩
৫ ইসলামী ব্যাংককে সতর্ক করে চি‌ঠি
ফাইল ফটো

চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক থাকায় পাঁচ ইসলামী ব্যাংককে ২০ দিনের মধ্যে অর্থ সমন্বয় করতে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে তা না করলে আইন অনুযায়ী আর্থিক লেনদেন সেবা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

চিঠি দেওয়া ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। 

রোববার সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, এই ৫ ব্যাংককে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। এটা সতর্কতা বাণী, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ২০ কর্মদিবসের মধ্যে ঘাটতি সমন্বয় না করলে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ হবে কিনা, তা পেমেন্ট সিস্টেম বিভাগ সিদ্ধান্ত নেবে।

মেজবাউল হক বলেন, বিভিন্ন ব্যাংকের চলতি হিসাব ঋণাত্মক হলে বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট দেওয়া হয়। পরে তা সমন্বয় করা হয়। এটি চলমান প্রক্রিয়া। এর আগে আইসিবি ইসলামী ব্যাংককে ৭০০ কোটি টাকার সাপোর্ট দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ মুখপাত্র বলেন, চলতি হিসাবে ঘাটতি ব্যাংকগুলোর কাঠামোগত সমস্যা। ইসলামি ব্যাংকগুলোর স্ট্রাকচারাল কিছু সমস্যা আছে। সেটা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তবে কনভেনশনাল ব্যাংক থেকে তাদের অবস্থান এখনো ভালো। ইসলামি ব্যাংকগুলো দিয়ে ৫২ শতাংশ রেমিট্যান্স আসছে।

তিনি আরো বলেন, চলতি ডিসেম্বরের শুরুর দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। গত ১ বছর ধরে তারল্য সংকটে ভুগছে শরিয়াহভিত্তিক এই ৫ ব্যাংক। এগুলোতে আমানত বেড়েছে, তবে চাহিদামতো নগদ জমা (সিআরআর) এবং বিধিবদ্ধ জমার (এসএলআর) টাকা কেন্দ্রীয় ব্যাংকে রাখছে না তারা। ফলে নিয়মিত দণ্ড সুদ বা জরিমানা গুণতে হচ্ছে। আবার এই টাকাও দিচ্ছে না কেউ কেউ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!