ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ফ্লোর প্রাইস তুলে নেয়ায় পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩১, ২৭ জানুয়ারি ২০২৪
ফ্লোর প্রাইস তুলে নেয়ায় পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
ফাইল ফটো

পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে প্রাণ ফিরে এসেছে। গত সপ্তাহে ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। 

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস সূচকের বড় পতন হলেও তলানিতে থাকা লেনদেনে চাঙাভাব দেখা গেছে। এসময়ে ডিএসইতে গড় লেনদেন ২৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সিএসইতে ৭ কোটি ৮৭ লাখ টাকা বেড়েছে। যা পুঁজিবাজারে জন্য ইতিবাচক হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলতি সপ্তাহে লেনদেন আরো বাড়বে বলেও মনে করেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে সূচকের পতনে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Advertisement

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, গত সপ্তাহে বাজারে ফোর্স সেলের কারণে সূচকের পতন দেখা দেয়। গত সপ্তাহের শেষ দুইদিন অনেক হাউজ বিনিয়োগকারীদের ফোর্স সেল করতে বাধ্য করেছে আবার কেউ কেউ আতঙ্কিত হয়েও শেয়ার বিক্রি করেছেন এজন্য বাজারে সূচকের পতন হয়।  

বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। এরই মধ্যে সিইও ফোরাম বাজারে ভালো ভূমিকা রাখছে, তাই আতঙ্কিত না হয়ে দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন।  

আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও কাছে জোর দাবি জানাচ্ছি তারা যেন বাই মুডে থাকে এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও বাজারে সর্তক দৃষ্টি রাখছেন বলেও উল্লেখ করেন তিনি।

ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম।

পুঁজিবাজারে লাগাতার দরপতন দেখা দিলে ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও ২০২১ সালের জুলাইয়ে তা তুলে নেয়া হয়। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারো ফ্লোর প্রাইস আরোপ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!