সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ‘ইটারেটিভ’ এর প্রতিষ্ঠাতাদের প্রিয়শপ পরিদর্শন
বাংলাদেশের স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম (বি-টু-বি মার্কেটপ্লেস) প্রিয়শপের ঢাকার অফিস সম্প্রতি পরিদর্শন করে গেলেন সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘ইটারেটিভ’ (Iterative) এর জেনারেল পার্টনার ব্রায়ান মা এবং কো-ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার সু কেন ওই।
ইটারেটিভ প্রিয়শপের প্রি-সিরিজ ‘এ’ রাউন্ডের বিনিয়োগকারী।
‘ইটারেটিভ’-এর এ দুই ফাউন্ডার অফিস ভিজিটের সময় প্রিয়শপের বিভিন্ন টিমের সঙ্গে আলোচনা করে সশরীরে সব কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি দেখা করে তাদের সমস্যা এবং অভিজ্ঞতার কথাও শোনেন।
.png)

ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘ইটারেটিভ’-এর প্রতিষ্ঠাতাদের বাংলাদেশে আসা নিয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, তাদের কাছ থেকে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়ের প্রসেসকে সহজিকরণ করার অনেক দিক-নির্দেশনা পেয়েছি। তারাও প্রিয়শপের কার্যক্রম দেখে অভিভূত হয়েছেন।
প্রিয়শপ বর্তমানে দেশের ৯টি জেলার ৭০টি থানায় ১৫টি হাব-এর মাধ্যমে প্রায় ৬০ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীকে সেবা প্রদান করে যাচ্ছে, যার মধ্যে ঢাকা ও চট্টগ্রামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে। প্রিয়শপ আগামীতে ১০ লাখেরও বেশি উদ্যোক্তাকে স্মার্ট ডিস্ট্রিবিউশনে এম্বেডেড ফাইন্যান্স সেবা দেবে, যা রিটেইলারদের সাপ্লাই চেইন প্রসেসকে আরো সহজ এবং আধুনিক করবে।