বাণিজ্য ঘাটতি কমেছে ১০ শতাংশ
আমদানি খরচ কমে যাওয়া ও রফতানি বৃদ্ধির কারণে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার। অর্থাৎ ২৯০ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি কমেছে এ বছর।
আমদানি খরচ কমে যাওয়ার পাশাপাশি রফতানি বৃদ্ধির কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় এবার আমদানি খরচ ১ দশমিক ২ শতাংশ কমে ৯ দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে চলতি অর্থবছরের দুই মাসে রফতানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭ দশমিক ১৬ বিলিয়ন ডলার হয়েছে।
আমদানি খরচের ভারসাম্যের আরেকটি উল্লেখযোগ্য কারণ, গত দুই মাসে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় দেশের চলতি হিসাব ইতিবাচক হয়েছে।
এছাড়া গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলতি হিসাবের উদ্বৃত্ত ১১১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১০ মিলিয়ন ডলার।