টানা ৫ দিনের পূজার ছুটির আগে শনিবার খোলা ব্যাংক
শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকতে যাচ্ছে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটির ভোগান্তি এড়াতে সাধারণ মানুষের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ অক্টোবর) খোলা রাখা হয়েছে ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সাধারণ কর্মদিবসের মতোই আজ স্বাভাবিক নিয়মে দেশের ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন ও গ্রাহক সেবা চালু রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইতিপূর্বে ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধের মুখোমুখি হচ্ছে দেশ।
তবে এই দীর্ঘ ছুটির মাঝেও দেশের বৈদেশি বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরসংলগ্ন ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে বিশেষ ব্যাংকিং সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।