ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনার বাজারে ফের অস্থিরতা

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ৮ নভেম্বর ২০২৪
সোনার বাজারে ফের অস্থিরতা
স্বর্ণালংকার- ফাইল ফটো

সোনার বাজার বিশ্বব্যাপী ফের অস্থির হয়ে উঠেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আউন্সপ্রতি ১০০ ডলারের বেশি দর পতনের পর আবারও চড়া দামের পথে উঠে এসেছে সোনা। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় শুক্রবার প্রতি আউন্স সোনার দাম ২৫ ডলার বেড়ে হয়েছে ২ হাজার ৬৯৫ ডলার। এর মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যেই উর্ধ্বগতির প্রবণতায় ফিরতে শুরু করেছে সোনা।

এখন আমিরাতে ২২ ক্যারেট মানের সোনার দাম গ্রামপ্রতি ৩০২ দিরহাম হয়েছে, যা ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার সময় ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়ার পরপরই ৩০০ দিরহামের নিচে নেমে যায়। রিপাবলিকান ট্রাম্পের জয়ের আভাসে শক্তিশালী হয়ে উঠতে থাকে মার্কিন মুদ্রা ডলার। এর ফলে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ধাপে দর হারায় সোনা।

এর আগে, ৩০ অক্টোবর আমিরাতে ২২ ক্যারেট সোনার সর্বোচ্চ দর ছিল ৩১১ দশমিক ২৫ দিরহাম। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সোনার দর আবারো উর্ধ্বমুখী হয় এবং ২ হাজার ৬৮৭ ডলারে উঠে আসে।

Advertisement

বৃহস্পতিবার সোনার দাম আউন্সপ্রতি রেকর্ড পরিমাণ ৮০ ডলার কমে হয়ে যায় ২ হাজার ৬৬০ ডলার।

পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, সোনা আরো কমে ২ হাজার ৬০০ ডলারের স্তরে নেমে যাবে। এরপর এটি আবার ঊর্ধ্বমুখী হবে। তাই শুক্রবারের উত্থানটি ছিল চমকপ্রদ। ক্রেতাদের জন্য সোনার দামে এত অস্থিরতা মোটেও ভালো ছিল না। তারা যে স্থিতিশীলতা খুঁজছেন, সেটি তাদের সোনা ক্রয়ের সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এ সপ্তাহে তাদের কাছে তেমন কিছুই ছিল না।

বাজার বিশ্লেষকরা বলছেন, আজকের সোনার উত্থান সম্ভবত মার্কিন ফেডারেল রিজার্ভের শূন্য দশমিক ২৫ শতাংশ সুদের হার কমানোর প্রতিক্রিয়া হতে পারে এবং যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে দর আরো কমানোর ইঙ্গিত দিয়েছে।

এদিকে বিশ্ববাজারে উত্থান-পতনের মধ্যেই দেশে পর পর দুই দফায় ভরিতে ৪ হাজার ৮১৮ টাকা কমেছে সোনার দাম। সবশেষ বৃহস্পতিবার সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬০৫ টাকায় বিক্রি করা হবে।

এর আগে, ৪ নভেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ৫ নভেম্বর থেকে।

সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!