ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

হরমুজের উত্তাপে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ১২ আগস্ট ২০২৬
হরমুজের উত্তাপে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে জাহাজের ওপর হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে একলাফে অনেকটাই বেড়েছে জ্বালানি তেলের দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে গিয়ে ঠেকেছে।

অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬১ ডলারে, যা গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, দৃশ্যমান অগ্রগতি ছাড়া আলোচনা দীর্ঘায়িত হওয়ায় এবং ইরানের পক্ষ থেকে যুদ্ধক্ষতিপূরণ ও অবরোধ প্রত্যাহারের মতো জটিল শর্ত দেওয়ায় বাজারের আস্থা কমছে।

কাতারের মধ্যস্থতায় ওমান ও ইরানের মধ্যে আলোচনা চললেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শর্ত পূরণ না হলে জলপথ বন্ধই থাকবে। এদিকে যুদ্ধের আগে যেখানে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত, বর্তমানে তা কমে মাত্র ১০টিতে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!