ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মসুর ডাল ও সার কিনতে সরকারের বড় অনুমোদন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মসুর ডাল ও সার কিনতে সরকারের বড় অনুমোদন
এআই জেনারেটেড ইমেজ

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় পৃথক প্রস্তাবের ভিত্তিতে এসব ক্রয় ও আমদানির অনুমোদন দেওয়া হয়।

Advertisement

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ৫০ কেজি ওজনের বস্তায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। সরবরাহকারী হিসেবে খুলনার ফুলতলার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

কর ও ভ্যাটসহ এ ডাল কিনতে ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৬ টাকা ৮৯ পয়সা।

এদিকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় চারটি লটে মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) চুক্তির আওতায় দুই লটে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। প্রতিটি লটে ৪০ হাজার টন করে সার থাকবে। প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার দরে এসব সার কিনতে ব্যয় হবে প্রায় ৩৭৯ কোটি ৩৪ লাখ টাকা।

একই চুক্তিমূল্যে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিনটর্গ) থেকে আরও ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে প্রায় ১৬৫ কোটি ৯০ লাখ টাকা।

অন্যদিকে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মাআদেনের সঙ্গে চুক্তির আওতায় প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার দরে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থাপিত সব প্রস্তাবই চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!