বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের এক শিক্ষার্থী মারা গেছেন।
মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর আগে বেলা দুইটার দিকে শহীদ রফিক-জব্বার হলের পাঁচতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অমিত কুমার বিশ্বাস (২৫)। আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হলে সংকটাবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
.png)
পরবর্তীতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিত বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের ৩১৫ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনায়। অমিত তার পরিবারের একমাত্র সন্তান।
শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খান হৃদয় বলেন, আমি তিনতলায় থাকা অবস্থায় ভারি কিছু ছাদ থেকে পড়ার শব্দ শুনি। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অমিতকে পড়ে থাকতে দেখি এবং সঙ্গে সঙ্গে হলের কিছু ছাত্রদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসি। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তীতে আইসিউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ জানান, বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন অমিত কুমার বিশ্বাস। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অমিতের প্রচুর রক্তপাত হচ্ছিল। হাসপাতালে নেয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।