অঙ্কনের মৃত্যু তদন্তের দাবি, সহপাঠীদের মোমবাতি প্রজ্বলন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যুর ঘটনা উদঘাটনের দাবি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অঙ্কনের ছবি সামনে রেখে মোমবাতি প্রজ্জ্বলন প্রাক্কালে এ দাবি জানান তারা। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাসহ অঙ্কনের অন্যান্য বন্ধুরাও উপস্থিত ছিলেন।
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে অঙ্কনের সহপাঠী আবু রায়হান বলেন, ওর মতো প্রচণ্ড মেধাবী একজন শিক্ষার্থী হুট করে সবার মাঝ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা চাই অঙ্কনের মৃত্যু-রহস্যের আইনি তদন্ত হোক। আমরা কারও বিরুদ্ধে অন্যায় হোক সেটা চাই না, অঙ্কনের ক্ষেত্রে তো একেবারেই না। আমরা এটাই চাই আমাদের সবার সামনে এত সম্ভাবনাময় একটা মানুষের মৃত্যু রহস্যের জালে চাপা না পড়ুক।
.png)
অঙ্কনের আরেক সহপাঠী নাহিদ হাসান রবিন বলেন, অঙ্কনকে আর ফিরে পাবো না কখনোই। তবে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য অবশ্যই সুষ্ঠু তদন্ত হতেই হবে। নাহয় ভবিষ্যতে আমরা আরও এমন অনেক অংকনকে হারাবো।
নুরুজ্জামান নিয়ন বলেন, ইংরেজি বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীরা চলমান পরীক্ষা বর্জন করেছে। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হবে। যে করেই হোক এই বিষয়ে তদন্ত করে সত্য উদঘাটন করতেই হবে। আমরা আশা করবো প্রশাসনসহ বিশ্ববিদ্যালয় এ বিষয়টি নিয়ে এগিয়ে আসবেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে স্বামীর বাসায় অসুস্থ হয়ে পড়েন অঙ্কন বিশ্বাস। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ মে মৃত্যুবরন করেন অংকন। মৃত্যুর পর জানা যায় ধর্মান্তরিত করে এই শিক্ষার্থীকে বিয়ে করেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ। শাকিলের সঙ্গে বিভিন্ন সময় মনোমালিন্য ও বিয়ের বিষয়ে ডিপ্রেশনে থাকতেন। শাকিলের দাবি, বিষপান করে বাসায় ঢুকেন অঙ্কন।