ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে এবারো ১২০ নম্বরেই ভর্তি পরীক্ষা

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:১১, ২৫ মে ২০২২
চবিতে এবারো ১২০ নম্বরেই ভর্তি পরীক্ষা
ছবি: সংগৃহীত

দেশের অন্যসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই ভর্তিচ্ছুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। জানার আগ্রহ থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কিনা। তবে এবারো চবিতে ভর্তি পরীক্ষা হবে আগের মতোই। ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ জুন। যা শেষ হবে ৩ জুলাই। 

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

Advertisement

বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০।

যোগ্যতা: ‘ডি’ ইউনিটে আবেদনের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। প্রতিটিতে আলাদাভাবে নূন্যতম জিপিএ-৩.৫০ পেতে হবে।

এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ডি-১ উপ–ইউনিটে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতা একই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবেদনকারীর সংখ্যা বিবেচনা করে পরীক্ষা কয়েক শিফটে নেয়া হবে। এজন্য ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার জন্য দুইদিন করে সময় নির্ধারণ করা হয়েছে।

শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে জিপিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে কমপক্ষে জিপিএ ৮.০০ থাকতে হবে ‘এ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে। এভাবে প্রতিটি ইউনিটে এবার জিপিএ (০.৫) বাড়ানোর পরিকল্পনা রয়েছে ভর্তি কমিটির।

মঙ্গলবার (২৪ মে) বিশ্ববিদ‌্যালয়ের ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সদস্য এসএম আকবর হোসাইন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!