ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ৩ জুন ২০২২
বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (০৩ জুন) বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাকি ৭টি বিভাগীয় শহরে একযোগে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। ১০০ মার্কসের এ (এমসিকিউ ও লিখিত) পরীক্ষা শেষ হবে দুপুর সাড়ে ১২ টায়।

প্রথমদিনের ভর্তি পরীক্ষায় বেরোবি ক্যাম্পাসে মোট ১২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।
 
তিনি জানান, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ভ্রাম্যমান আদালতসহ সবাই যথেষ্ট তৎপর রয়েছে। যেকেউ  অসুদায়পায় অবলম্বন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

তিনি আরো জানান, সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত পরিক্ষার্থীদেরকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস ও ঘড়িসহ কোনও যন্ত্র নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শুক্রবার (৩ জুন) ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১২৭৭ জন। ৪ জুন (শনিবার) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৯৯৩ জন। ১০ জুন (শুক্রবার) ‘ক’ ইউনিটের পরীক্ষায় ৪১২৫ জন।

এছাড়াও ১১ জুন (শনিবার) ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৪০৬২ জন এবং সর্বশেষ ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটের ৬১০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে আসা এক ভর্তি পরীক্ষার্থীর অভিভাবক জানান, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন করায় প্রথমেই ঢাবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ নিজ বিভাগে পরীক্ষা হওয়ায় দীর্ঘ ক্লান্তিকর জার্নি থেকে ভোগান্তি ও আর্থিক সাশ্রয় দুটোই লাঘব হয়েছে। তাই আশা করছি এ ধারা অব্যাহত থাকবে। 

ঠাকুরগাঁও থেকে পরীক্ষা দিতে আসা সুমাইয়া ইয়াসমিন নামে এক ভর্তিচ্ছু জানান, বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারায় খুব লাগছে। কোনো অভিভাবক ছাড়াই একাই এসে বড় আপুর মেছে থেকে পরীক্ষা দিচ্ছি। তা না হলে ঢাকায় যেতে হলে একজন অভিভাবক নিয়ে যেতে হতো এবং কিছুটা আর্থিক খরচও বেশি হতো। তাই আমার কাছে বিষয়টি খুব ভালো লাগার।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, এবার ‘গ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ৬৯৩ জন। মোট আসন সংখ্যা ৯৩০টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৩ জন। গতবার যেখানে লড়েছিল ২১ জন। ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্য মতে, ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪০ শিক্ষার্থী। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। এর মধ্যে ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১০ জন। এছাড়া ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৩৫৭ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!