সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েটে উপস্থিতি ৮০ শতাংশ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় চুয়েট কেন্দ্রে উপস্থিতির হার ৭৯ দশমিক ৯৩ শতাংশ।
শনিবার (৬ আগস্ট) সকাল ১০টায় স্ব-স্ব বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, চুয়েট-কুয়েট-রুয়েটে মোট ২৮ হাজার ৩৯৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও তিনটি কেন্দ্রে মোট ২২ হাজার ১৬৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
.png)
এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ ৯৩১টি আসনের বিপরীতে চুয়েট কেন্দ্রে মোট ৯ হাজার ৪৭৭জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। এর মধ্যে ৭ হাজার ৫৭৬ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার প্রায় ৭৯.৯৩ শতাংশ।
অন্যদিকে কুয়েট কেন্দ্রে ৯ হাজার ৪২৩ জনের মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ২৩৩জন। উপস্থিতির হার ছিল ৭৬.৭৫ শতাংশ। রুয়েট মোট ৯ হাজার ৪৮৫ জনের মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ৮২৬ জন। উপস্থিতির হার ৮২.৪২ শতাংশ।
চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকাল সাড়ে ১০টায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।