ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

করোনাকালে শিক্ষার্থীদের দেওয়া আবাসন ও পরিবহন ফি ফেরত দিল ঢাবি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ১১ আগস্ট ২০২২
করোনাকালে শিক্ষার্থীদের দেওয়া আবাসন ও পরিবহন ফি ফেরত দিল ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

করোনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত আবাসন ও পরিবহন ফি ফেরত দিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

করোনার কারণে শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় সেবা গ্রহণ না করেও আবাসন ফি, পরিবহন ফি দেওয়া কষ্টসাধ্য। আর বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকে শিক্ষার্থীরা পরিবহন সেবা নেয়নি। একইসঙ্গে হলের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ অন্যান্য খরচ বেঁচে গেছে। তাই শিক্ষার্থীদের থেকে এই ফি মওকুফের দাবি আনা হয়েছিলো সিনেট বাজেট অধিবেশনে। এসব দাবির প্রেক্ষিতে ১ জুলাই ২০২১ তারিখে এসব ফি মওকুফ করে ঢাবি কর্তৃপক্ষ। তখন বলা হয়েছিল, ইতোমধ্যে যারা ঐ ফি পরিশোধ করেছেন তা সমন্বয় করা হবে। 

এতদিন এই ফি সমন্বয় করা না হলেও এবার সেই ফি শিক্ষার্থীদের ফেরত দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাকালে মার্চ ২০২০ থেকে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম পুনরায় আরম্ভ না হওয়া পর্যন্ত ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় শিক্ষার্থীদের প্রদত্ত আবাসন ফি এবং পরিবহন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মওকুফ করা হয়েছে। উক্ত আবাসন ফি ও পরিবহন ফি সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হচ্ছে। নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে যোগাযোগ করে মওকুফকৃত উল্লেখিত ফির চেক গ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ, পঞ্চম বর্ষ (ফার্মেসী) এবং মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে আবাসন ফি ও পরিবহন ফি নেয়া হয়েছিল। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!