ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভেজালের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ৩০ অক্টোবর ২০২২
ভেজালের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

বেকারি মালিক সমিতির ভোক্তা অধিকার বিরোধী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কনজুমার ইয়ুথ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। এসময় ‘পচা বাসি বেকারি, আর নয় দরকারি’, ‘চলো যাই যুদ্ধে, ভেজালের বিরুদ্ধে’, ‘ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম’সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরবি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীতে খাদ্যে ভেজাল প্রতিরোধে একটি অভিযান চালানোর পরে বেকারি মালিক সমিতি ঐ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমরা মনে করি, মানববন্ধনের মাধ্যমে তারা বুঝাতে চেয়েছে যে, তারা অপরাধ করবে, সেটা কোনো দোষ না বরং তাদের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা দোষ।

Advertisement

তিনি আরো বলেন, আমরা বলতে চাই বেকারি মালিক সমিতি যেটা করেছে, সেটা কোনো সঠিক কাজ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আরো বেশি এধরনের অভিযান পরিচালনা করার জন্য অধিদপ্তরকে আমরা অনুরোধ করছি।

কনজুমার ইয়ুথ বাংলাদেশ রাবি শাখার সভাপতি জেডএম তৌহিদূন নূর বলেন, রাজশাহী বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেটা জনগণের বিরুদ্ধে মানববন্ধন করার সামিল। এটাকে ভোক্তা অধিকার বিরোধী অপতৎপরতা বলে আমরা মনে করি। আমাদের অধিকার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু বেকারি মালিক সমিতি না, যেকোনো মালিক সমিতি ভোক্তা অধিকার বিরোধী কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিব। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জনকল্যাণে আরো বেশি বেশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছি।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী আল-আমিন হোসেন।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করে। তারই প্রতিবাদ জানিয়ে আজ মানববন্ধন করে কনজুমার ইয়ুথ বাংলাদেশ, রাবি শাখা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!