সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিন সহস্রাধিক চলচ্চিত্র জমা
সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরে তিন সহস্রাধিক চলচ্চিত্র জমা পড়েছে। এবার অংশ নিয়েছে ১১১টি দেশের নির্মাতা।
শুক্রবার (১৮ নভেম্বর) পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র জমার সময় শেষ হয়। এতে ৬টি নির্ধারিত বিভাগে ১১১টি দেশ থেকে মোট ৩ হাজার ৬৫টি চলচ্চিত্র জমা পড়ে, যা বিগত পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ।
গত ১৭ অক্টোবর সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান করে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামসুজ্জামান চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ার উদ্বোধন করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় এবারের আয়োজন নিয়ে বলেন, আগামী কদিন জমাকৃত চলচ্চিত্র বাছাই পর্ব চলবে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর সবার সামনে নিয়ে আসতে পারব।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার চলচ্চিত্রকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সংগঠনটি চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালাসহ নানা আয়োজন করে যাচ্ছে।