ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ধান কেটে আর্জেন্টিনাকে উপস্থাপন

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১৯ নভেম্বর ২০২২
ধান কেটে আর্জেন্টিনাকে উপস্থাপন
বিশ্বকাপ উন্মাদনা কৃষক শ্রমিক সবার। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে শ্রমিক সংকটে থাকা এক বর্গাচাষির জমির ধান কেটে দিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছয় আর্জেন্টাইন সমর্থক। কৃষক শ্রমিক সবার মধ্যে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি চাষির উপকার করতেই এমন কিছু করেছেন বলে জানান শিক্ষার্থীরা।

শনিবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের শহীদুল ইসলামের জমির ধান কাটেন আর্জেন্টিনার এসব সমর্থক। তারা হলেন, নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ১২তম ব্যাচের তাহমিদুর রহমান নাহিন, ফলিত গণিত বিভাগের ১৩তম ব্যাচ আবদুল্লাহ বায়েজিদ তপু, সমাজবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের মাহমুদুল হাসান সুজন, পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের মো. আবুল বাশার, প্রাণরসায়ন এবং অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের রাশেদ হোসেন ও অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের মো. সেলিম হোসেন।

নোয়াখালী ইউনিয়নের শহীদুল ইসলামের জমির ধান কাটেন আর্জেন্টিনার এসব সমর্থক।

Advertisement

ফলিত গণিত বিভাগের ১৩তম ব্যাচ আবদুল্লাহ বায়েজিদ তপু বলেন, ‘সবাই তার প্রিয় দলকে উপস্থাপন করার জন্য নানান কিছু করে। আমরা চিন্তা করলাম এমন কিছু করি, যাতে মানুষের ভালো হয়। এবার প্রচুর ধানের ফলন হয়েছে। আমরা ক্যাম্পাসের কিছু আর্জেন্টাইন সমর্থক মিলে কৃষকের ধান কাটায় সাহায্য করি।’

আর্জেন্টাইন সমর্থক মাহমুদুল হাসান বলেন, ‘আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কৃষকের টাকায় দেশ বাঁচে। তাই আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি।’

আবুল বাশার বললেন, ‘বিশ্বকাপ উন্মাদনা কৃষক শ্রমিক সবার। সাধারণ মানুষ যখন কাজে যাওয়ার সময় আর্জেন্টিনার জার্সি গায়ে দিচ্ছে, তখন তাকে ট্রল করা হচ্ছে। বিশ্বকাপটা সবার, তাই এসব মানুষকে নিয়ে ট্রল না করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ধান কেটেছি।’

বিশ্বকাপ উন্মাদনা কৃষক শ্রমিক সবার। ছবি: ডেইলি বাংলাদেশ
সংকটে বিনা পয়সায় ধান কেটে দেওয়ায় আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বর্গাচাষি শহীদুল ইসলাম বলেন, ‘এ বছর অনেক আগেই ধান পেকেছে। শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। অতিরিক্ত টাকা দিয়েও শ্রমিক পাইনি। আর্জেন্টিনার সমর্থকরা আমাকে সহযোগিতা করেছেন, তাই তাদেরকে ধন্যবাদ জানাই।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!