ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যৌন হয়রানি প্রতিরোধে মাউশির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩০, ১১ ডিসেম্বর ২০২২
যৌন হয়রানি প্রতিরোধে মাউশির উদ্যোগ
ছবি: সংগৃহীত

যৌন হয়রানি প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। হাইকোর্টের রিট পিটিশনের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়। 

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

লিখিত এই নির্দেশনা থেকে জানা গেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ গ্রহণ, তদন্ত পরিচালনা এবং সুপারিশের জন্য কর্তৃপক্ষ কমপক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করবে। কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য হবেন নারী। সম্ভব হলে কমিটির প্রধান হবেন নারী। 

Advertisement

এছাড়া অভিযোগ গ্রহণকারী কমিটি ৩০ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে দাখিল করবে। প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সীমা ৬০ কর্মদিবস পর্যন্ত বাড়াতে পারবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সম্মুখে যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত একটি অভিযোগ বাক্স থাকবে। 

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব অফিস ও সরকারি/বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে কমিটি গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য তাগিদ দেওয়া হয়। 

নির্দেশনায় আরো বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে এ বিষয়ে এখনও কমিটি গঠন করেনি তাদের তালিকা তৈরি করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মাউশিতে পাঠাতে হবে। 

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনসহ কয়েক দফা নির্দেশনা দেয় উচ্চ আদালত। তবে এই নির্দেশনার বাস্তবায়ন হতাশাজনক। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু প্রতিষ্ঠানে কমিটি হলেও সেগুলো কার্যকর নয়। প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের অধিকাংশ প্রতিষ্ঠানে ১৩ বছরেও কমিটি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!