শাবিপ্রবিতে নির্মাণাধীন ভবনের দুইতলা থেকে পড়ে আইসিইউতে শ্রমিক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের দুইতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন নাঈম আহমদ (২০) নামের এক শ্রমিক। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
সোমবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর বাইরের দেয়ালে রং করা অবস্থায় এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম আহমদ একজন রং মিস্ত্রি। তিনি দুতলার মাচার উপরে বসে রং করছিলেন। হঠাৎ মাচার বাঁশ ভেঙে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার শব্দ শুনে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। আহত অবস্থায় তার হাত ভেঙে যায় এবং নাক-মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছিল।
.png)
রং মিস্ত্রির ঠিকাদার আসগর আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আহত অবস্থায় তাকে রাগিব আলী হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে সে ওসমানী মেডিকেলের হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। তার দুই হাত ও মুখের নিচের অংশ ভেঙে গেছে, নাক থেঁতলে গেছে। মাথায়ও প্রচণ্ড আঘাত পেয়েছে। ডাক্তার জানিয়েছে, এখনও তার জ্ঞান ফেরেনি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে কল দিলে পাওয়া যায়নি। তবে সহকারী প্রক্টর এ কে এম আশিকুজ্জামান বলেন, বিষয়টা মর্মান্তিক। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, আহত শ্রমিকের বাড়ি সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ গ্রামে। তার পিতার নাম ওয়াতির আলী।