রংপুর ছাত্রকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
অনুষ্ঠানে সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য মার্কেটিং বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মোতাহার হোসেন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের হাকিমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)
রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সোহাগ আহমেদ বলেন, রংপুর জেলার জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় ক্যাম্পাসের আশেপাশের এলাকার দরিদ্র, অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। এর আগেও আমরা রংপুর শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫০টি কম্বল বিতরণ করেছি।
প্রসঙ্গত, রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন। তারা ভর্তি পরীক্ষায় রংপুর থেকে আগত শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ নানা রকম সাহায্য সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।