ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে ভর্তি ফি দ্বিগুণ, শিক্ষার্থীদের মিছিল

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২২ জানুয়ারি ২০২৩
শাবিপ্রবিতে ভর্তি ফি দ্বিগুণ, শিক্ষার্থীদের মিছিল
ছবি: ডেইলি বাংলাদেশ

গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বাড়িয়ে আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে এ মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়। 

মিছিল পরবর্তী সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ওসমান গণি, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজিব আহমেদ জয় ও গণিত বিভাগের সজিব আহমেদ তাহসিন।

Advertisement

এ সময় বক্তারা বলেন, শাবিপ্রবিতে ভর্তি ফি দ্বিগুণ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভর্তি ফি বাড়িয়ে সমাজের প্রান্তিক মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করার যে পায়তারা এবং সাম্রাজ্যবাদী চক্রান্ত বহাল রাখা হচ্ছে। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি পূর্বের তুলনায় দ্বিগুণ করে শিক্ষার্থীদের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করছে। 

তারা আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী কৃষক-শ্রমিক পরিবারের। তাদের ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার। এ সময় বক্তারা অবিলম্বে এ অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত বাতিল করে ভর্তি ফি কমিয়ে শিক্ষার্থীদের ব্যয়ভারের চাপ লাঘব করার আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!